এএফসি অনূর্ধ্ব ১৪ ফুটবল
বাংলাদেশকে বিধ্বস্ত করলো থাইল্যান্ড
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩২
দুরন্ত ফর্মে থাকা থাইল্যান্ডের কাছে এএফসি অনূর্ধ্ব ১৪ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে এফ গ্রুপের খেলায় গতকাল শুক্রবার ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ জয়ের ফলে মায়ানমারে চলমান এ টুর্নামেন্টটিতে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো থাইরা।
বাংলাদেশ দল অবশ্য এ ম্যাচে নিজেদের একটু হলেও দুর্ভাগা ভাবতে পারে। কারণ থাইল্যান্ডের দুটি গোলই এসেছে বাংলাদেশের ডিফেন্ডার ও অধিনায়ক মোহাম্মদ মিনহাজুর আবেদিন রাকিব ও মিডফিল্ডার আল আমিনের আত্মঘাতী গোল থেকে। থাইল্যান্ডের পক্ষে ম্যাচের ২৩ এবং ৪৯ মিনিটে বাকি গোল দুটি করেন থানাওয়াত অথেনাপাই এবং বদলি খেলোয়াড় সাহারাত গ্রাইয়া।
কোচ উজ্জ্বল চক্রবর্তীর তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ দল এখনো কোন জয়ের দেখা পায়নি। এদিকে বাংলাদেশ পরবর্তী খেলায় আগামীকাল রবিবার সিঙ্গাপুরের মোকাবিলা করবে।