সানোয়ারের নাম বললেন রফিক

বাংলাদেশের ক্রিকেট যেন ‘সিরিজ বোমা বিস্ফোরণ’-এর মুখে পড়েছে। একটার পর একটা বিস্ফোরণ চলছেই। আশরাফুল, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিকের পর এবার আলোচনায় আরেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন! ঢাকা গ্লাডিয়েটর্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা এই ক্রিকেটারের নাম উচ্চারণ করে এবারের বিস্ফোরণটা করলেন এই ঘটনায় নাম ওঠা আরেক তারকা মোহাম্মদ রফিক নিজেই। পত্রিকান্তরে প্রকাশিত খবর ছিল, ঢাকা গ্লাডিয়েটর্সের নামে যে ম্যাচ ফিক্সিং অভিযোগ উঠেছে, তার সঙ্গে জড়িত ছিলেন দলটির বোলিং কোচ মোহাম্মদ রফিক। শুক্রবার রাতে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রফিক। এই অস্বীকার করতে গিয়ে আবার তিনি স্বীকারও করেছেন যে, চিটাগং কিংসের সঙ্গে ম্যাচটা পাতানো ছিল বলে তিনি শুনেছেনও। রফিক এই পাতানোর খবরটা নাকি পেয়েছিলেন কয়েক জন খেলোয়াড়ের কাছ থেকে। তিনি জানতে পেরেছিলেন, দলের মালিক নিজেই একটা মিটিং আর ম্যাচটা ছেড়ে দিতে বলেছেন। আর এই মিটিংটাই ম্যানেজার সানোয়ার হোসেনের কক্ষে হয়েছিল বলে দাবি করেছেন রফিক, ‘সেই ম্যাচের আগে গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার সানোয়ার হোসেনের রুমে কয়েক দফা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি এবং কোচ ইয়ান পন্ট ছিলাম না। বৈঠকে ছিলেন দলের কয়েক জন খেলোয়াড় এবং মালিক পক্ষের কয়েক ব্যক্তি। পরে কয়েক জন খেলোয়াড়ের কাছ থেকে জানতে পারি, মালিক পক্ষ নাকি ম্যাচটি ছেড়ে দিতে বলেছিলেন।’ এখন দেখার বিষয় রফিকের এই স্বীকারোক্তিতে পরিস্থিতি আবার কোন্ দিকে যায়।