চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফিক্সিংয়ের আশঙ্কা আয়োজকদের
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:৪৯
ক্রিকেট বিশ্বে আইপিএল-বিপিএলের কল্যাণে “ফিক্সিং” এখন সবার মুখে মুখে ঘুরছে। তাই আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে এর প্রভাব থাকবে সেটা আন্দাজ করাই যাচ্ছে। আর তাই টুর্নামেন্টটিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
ব্রিটিশ ট্যাবলয়েডকে টুর্নামেন্টটির পরিচালক স্টিভ এলওর্থি জানিয়েছেন, আয়োজক দেশ ইংল্যান্ড টুর্নামেন্টটি আয়োজনের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। তিনি বলেন, ‘সকল দলের সাথেই আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। আমরা জানিয়েছি যে, আমরা কোন ধরনের অনিয়ম সহ্য করবো না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি একটি সফল এবং নিরাপদ টুর্নামেন্ট আয়োজন করার। যারা এই টুর্নামেন্টে কোন দুর্নীতি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে, সময় থাকতেই বুঝে নেন যে আমরা শতভাগ প্রস্তুত।’
এরই মধ্যে নিরাপত্তার কাজ শুরু করা হয়েছে। ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর সিসিটিভি’র মাধ্যমে খেলোয়াড়দের গতিবিধির দিকে নজর রাখা হবে। প্রতিটি ম্যাচেই আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এলওর্থি জানিয়েছেন, ‘আমরা কাউকেই ছাড় দিবো না। নিউটনের সূত্র অনুসারে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই ফিক্সারদের বিপরীতে আমাদেরও কিছু করার আছে। তাই আমি তাদের সতর্ক থাকতেই পরামর্শ দিবো।’
ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন বলেন, ‘আইপিএল নিয়ে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে কড়া নিরাপত্তা থাকবে।’
আগামী ছয় জুন থেকে ইংল্যান্ডের কার্ডিফে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুষ্ঠিত হবে মোট ১৫টি ম্যাচ। ১৮ দিনের এই টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৩ জুন।