বিকেএসপির শ্রেষ্ঠত্বে সমাপ্ত জুনিয়র অ্যাথলেটিক্স
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:৫৯
বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো দুইদিনের ওয়ালটন টেলিভিশন জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। গতকাল সোমবার শেষ দিনের আকর্ষণীয় সব ইভেন্টগুলোর পদক জিতে নেয় বিকেএসপি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন দুটি রেকর্ড (অনূর্ধ্ব-১৯) হয়। রেকর্ড দুটি করেন বিকেএসপির দুই অ্যাথলেট লংজাম্পে আরিফুল ইসলাম এবং ফারজানা মুজিব বন্যা। অপরদিকে ১০০ মিটার স্প্রিন্ট জিতে আরিফুল ইসলাম অরেঞ্জ (১১.০৫) দ্রুততম কিশোর এবং একই প্রতিষ্ঠানের আইরিন আক্তার দ্রুততম কিশোরীর (১২.৩২) পুরস্কার পান।
২৯তম জাতীয় বয়সভিত্তিক অ্যাথলেটিক্সে ১১৩টি স্বর্ণ, সাতটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জসহ ২২৩টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি । নড়াইল জেলা তিনটি স্বর্ণ পেয়ে রানার্সআপ এবং কিশোরগঞ্জ জেলা তিনটি স্বর্ণ জিতে তৃতীয় হয়েছে।
কুড়িগ্রামের ছেলে বিকেএসপির ছাত্র আরিফুল ইসলাম অরেঞ্জ বিভিন্ন বয়সসীমার লড়াইয়ে এ নিয়ে টানা তিনবার জুনিয়র অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতলেন। ইনজুরির কারণে বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করতে পারেননি অরেঞ্জ। সাথে ছিল লেখাপড়ার চাপও। বাংলাদেশ গেমসে না খেলতে পারার আক্ষেপ নিয়ে জুনিয়র অ্যাথলেটিক্সে ভালো পারফরমেন্স করেছেন। গতকাল বিকালে অরেঞ্জ বলেন, ‘আমরা বিকেএসপির খেলোয়াড়রা নিজেদের পারফরমেন্সের সাথে যুদ্ধ করি।’
অরেঞ্জ ১০০ মিটার স্প্রিন্ট ছাড়াও লংজাম্প এবং রিলেতেও স্বর্ণ পদক পেয়েছেন। মেয়েদের মধ্যে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী বিকেএসপির প্রথম বর্ষের ছাত্রী আইরিন আক্তারের লক্ষ্য হচ্ছে ধারাবাহিকতা ধরে রাখা। তিনি দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটির সাথে দৌড়াতে চান। আইরিন আগস্টে চীনে অনুষ্ঠেয় যুব গেমসে অংশ নেবেন। তিনি স্প্রিন্টের পাশাপাশি হাইজাম্পেও স্বর্ণ জেতেন এবার।
জাতীয় রেকর্ড গড়া বিকেএসপির অ্যাথলেট ফারজানা মুজিব বন্যা ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেছেন। তিনি সময় নিয়েছেন ১ ঃ ০০.৭৮ সেকেন্ড। পূর্বের সময় ছিল ১ ঃ ০২.৭৭ সেকেন্ড। মাগুরার মো.পুরের মেয়ে ফারজানা মুজিব বন্যা ভালো দৌড়ান। কিন্তু নিজের ইভেন্ট ৪০০ মিটার থেকে সরে আসতে চান না। ১০০ মিটার স্প্রিন্ট জনপ্রিয় ইভেন্ট হলেও বন্যার পছন্দ না এটি। তিনিও এ নিয়ে টানা তিনবার একই ইভেন্টে স্বর্ণ জয় করেছেন। ৪০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় হয়েছেন মারজিয়া আফরিন, তিনিও বিকেএসপির ছাত্রী। আর ছেলেদের মধ্যে একই প্রতিষ্ঠানের আশিক কুমার স্বর্ণ জয় করেন।
প্রথমদিন ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করা বিকেএসপির আয়শা সিদ্দিকি গতকাল ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জয় করেন। এছাড়াও লংজাম্পে যশোরের তিন্নি হাসান, শটপুটে বিকেএসপির সোহেল রানা, নড়াইলের শরীফ নেহা ইসলাম, ৪০০ মিটার স্প্রিন্টে সাইফুল ইসমাইল, ইরফান খান, মেয়েদের মধ্যে খুলনার শরিফা খাতুন, লংজাম্পে কিশোরগঞ্জের আসমা হক, জ্যাবলিন থ্রো ইভেন্টে নোয়াখালীর ইব্রাহিম স্বর্ণ জয় করেন।