প্র তি ক্রি য়া
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৫৯
প্রিয়জন হারানোর মতো অনুভূতি হচ্ছে আমার। আশরাফুল আমার নিজের সন্তানের মতো... ওর প্রতিটা সাফল্যের সময় সবাই বলেছে, ওই যে ওয়াহিদ গনির ছাত্র। ওর গর্বের সময় যখন স্বীকৃতি দিয়েছি, আজ ওর অপরাধের দায়ও তো আমার মাথায় আসে। আমি জানি না, ও কী করে এই অন্যায় পথে পা বাড়ালো। তবে অন্যায় তো করেছেই.... তবে আশরাফুল যাই করুক, আমাকে তো ওর পাশে থাকতে হবে। আমি সবচেয়ে খারাপ সময়টাতেও আমার সন্তানকে ছেড়ে যেতে পারি না।
—ওয়াহিদ গনি
আশরাফুলের গুরু ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার
--
আশরাফুল এমন একজন খেলোয়াড়, যে কিনা বাংলাদেশকে অনেকবার গর্ব করার সুযোগ তৈরি করে দিয়েছে। অনেকবার সে আনন্দে ভাসিয়েছে পুরো দেশকে। আজ সে যখন নিজের মুখে অপরাধ স্বীকার করেছে, সেটা শোনাটা আমার জন্য দারুণ বেদনার একটা ব্যাপার ছিল। আমি আসলেই খুব ব্যথিত ও ক্ষুব্ধ। অন্যায় করলে তাকে অবশ্যই ফল ভোগ করতে হবে। তবে আশা করি, আশরাফুলের এই পরিণতি দেখে ক্রীড়াঙ্গনের প্রত্যেকে এরকম অন্যায়ের ভয়াবহতা বুঝতে পেরে সতর্ক হবে।
—গাজী আশরাফ হোসেন লিপু
সাবেক জাতীয় দল অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক
=---
ওর মতো একজন খেলোয়াড় এরকম অন্যায়ের সঙ্গে জড়িত হবে, এটা কল্পনার অতীত ব্যাপার ছিল। আমি খুবই শকড। তবে সে অন্যায় যখন করেছে, অবশ্যই শাস্তি পেতে হবে। ক্রিকেটের সঙ্গে প্রতারণা, মানুষের আবেগের সঙ্গে প্রতারণা ক্ষমার যোগ্য নয়। আমার তার প্রতি কোনো সহানুভূতি এই ব্যাপারে অন্তত নেই।
—মিনহাজুল আবেদীন নান্নু
সাবেক জাতীয় দল অধিনায়ক ও বর্তমান নির্বাচক
--
আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আশরাফুল! আশরাফুলকে নিয়ে আমি কী বলবো? একটা কথাই বলতে পারি, আমি আপসেট। আমি খুবই মর্মাহত। তদন্তপ্রক্রিয়াধীন একটা বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করবো না। আমি আমার ব্যক্তিগত কষ্টের কথা বললাম শুধু।
—হাবিবুল বাশার
সাবেক জাতীয় দল অধিনায়ক ও বর্তমান নির্বাচক
--
আমার এতোদিনের সতীর্থ সে; তখনও কিছু কল্পনাও করতে পারিনি। আমি প্রথম যখন আশরাফুলের নাম শুনেছি, তখন বিশ্বাসই করতে পারিনি। আজ তো বিশ্বাস না করে উপায় নেই। কিন্তু আমার এখনও মনে হয়, ও ভয়ানক কোনো ফাঁদে পড়েছিল। ফাঁদে পড়ে এসব করেছে, চক্রে জড়িয়েছে। বের হতে পারছিল না হয়তো। কী জানি, কী হল! যাই ঘটে থাকুক, আমাদের ক্রিকেটের জন্য, দেশের জন্য আজ বড় দুঃখের একটা দিন।
—আব্দুর রাজ্জাক
জাতীয় দলের ক্রিকেটার