নিলাম চান না খেলোয়াড়রা
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:০১
খেলোয়াড়রা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিলামে রাজি নন। তারা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসেসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রস্তাবিত গ্রেডিং পদ্ধতির মাধ্যমে নিজেদের পছন্দের ভিত্তিতে দল বেছে নিয়ে খেলতে চান। এভাবে দল বাছার সুযোগ না দিলে ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে অংশ নিবেন না খেলোয়াড়রা।
গতকাল মঙ্গলবার মিরপুরের এক রেস্তোরাঁয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সভায় আলোচনার পর খেলোয়াড়রা এ সিদ্ধান্ত নেন।
প্রিমিয়ার লিগ শুরুর দাবিতে এপ্রিল মাসে মিরপুর স্টেডিয়ামে একত্র হয়েছিলেন জাতীয় দল ও এর সাবেক খেলোয়াড়রা। কোয়াবের সাথে আলোচনা করতে কাল মিরপুরে জড়ো হয়েছিলেন ১২০ খেলোয়াড়। বৈঠকটি ছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) বেঁধে দেয়া প্রস্তাবিত গ্রেডিং ও পারিশ্রামিকের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে। সিসিডিএমের করা নতুন এই পদ্ধতিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিকেটাররা।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বৈঠক শেষে বলেন, ‘আমরা ১২০ জন ক্রিকেটারের সাথে আলোচনা করে একটা প্রস্তাবনা নিয়ে বোর্ড সভাপতির সাথে দেখা করবো। প্রস্তাবনায় থাকবে নতুন গ্রেডিং পদ্ধতি ও খেলোয়াড়দের পারিশ্রামিক প্রসংগ।’ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ২০ জুন থেকে। নিলামে লটারির মাধ্যমে ক্লাবগুলোর খেলোয়াড় নির্বাচন করবে। কিন্তু এখন কোয়াবের বেঁধে দেয়া গ্রেডিং পদ্ধতি অনুযায়ী একজন খেলোয়াড়কে সর্বোচ্চ ৩৫ লাখ আর সর্বনিম্ন ১ টাকা দিতে হবে ক্লাবগুলোকে। ক্লাবগুলোর প্রস্তাব অনুযায়ী যে ৬৪ জন খেলোয়াড়কে গ্রেডিংয়ের বাইরে রাখা হয়েছিল কোয়াবের প্রস্তাবনায় তাদেরকে ই-গ্রেডে রেখে এক লাখ টাকা করে দেয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে কোয়াবের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা খেলার পক্ষে। আশা করছি বোর্ড আমাদের প্রস্তাব মেনে নিবে। দুই-একদিনের মধ্যে বোর্ড সভাপতির সাথে দেখা করে আমাদের প্রস্তাবগুলো জমা দিব। বোর্ড সভাপতি কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ।’
কোয়াবের প্রস্তাব অনুযায়ী খেলোয়াড়দের গ্রেডিং
গ্রেড খেলোয়াড় সংখ্যা পারিশ্রমিক
এ প্লাস ৪ জন ৩০-৩৫ লাখ
এ ২০ জন ২০-২৫ লাখ
বি প্লাস ২৪ জন ১৫-২০ লাখ
বি ১২ জন ১০-১৫ লাখ
সি ৩০ জন ৭-১০ লাখ
ডি ৩০ জন ৩-৫ লাখ
ই ৬৪ জন ১ লাখ টাকা