বিস্মিত মুশতাকও

১৯৬১ সালে দিল্লীর ফিরোজ শাহ কোটলা; সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ১৭ বছর ৭৮ দিন বয়সের ক্ষুদে এক তারকা। ১০১ রান করে রেকর্ড বুকে নাম তুললেন পাকিস্তানি ব্যাটসম্যান মুশতাক মোহাম্মদ। ২০০১ সালের সেপ্টেম্বরের কলম্বো স্টেডিয়াম! ৪০ বছর পর টিকে থাকার পর সেই রেকর্ড ভাঙলেন এক বাংলাদেশি ব্যাটসম্যান। মুরালিধরন, চামিন্দা ভাসদের শাসন করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন মোহাম্মদ আশরাফুল। সেদিন হয়তো রেকর্ড হারানোর দুঃখের চেয়ে আনন্দটাই বেশি ছিল মুশতাক মোহাম্মদের। তবে, বর্তমানের পরিস্থিতিটা ভিন্ন। মোহাম্মদ আশরাফুল এখন এক ট্র্যাজিক হিরোর নাম। তাই এমন সময়ে মুশতাক মোহাম্মদের কষ্টটা অন্য সবার থেকে বেশি হওয়াটাই স্বাভাবিক; হলও তাই। ভারতীয় গণমাধ্যম মিড ডে’কে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাই নিজের দুঃখের কথাই জানালেন এই কিংবদন্তি। ইংল্যান্ড থেকে ৭০ বছর বয়সী এই পাকিস্তানি বলেন, ‘খবরটা শুনে সত্যি আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝি না কেন খেলোয়াড়রা এতো লোভী হয়ে যাচ্ছে। ম্যাচ খেলেই তারা যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারছে, এরপরেও তারা ম্যাচ ফিক্সিং করছে।’ এখানেই থামছে না আশরাফুলের জন্য মুশতাকের শোক। ১০ টি টেস্ট সেঞ্চুরি করা সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আশরাফুল যা করেছে তা এক অর্থে ক্রিকেটের জন্যই খারাপ। তাকে আমি ভাল ছেলে হিসেবেও জানতাম, তার রেকর্ড আমাকে আনন্দ দিতো। আমি ৪০ বছর ধরে রেখেছিলাম বটে; কিন্তু জানতাম একদিন ঠিকই এই রেকর্ড ভাঙবে। সেটাই করেছিল আশরাফুল। আশরাফুলের রেকর্ড মুছে গেলেও আমার জন্য খুব সেটা নিয়ে আমি ভাবছি না। সে যা করেছে সেটা তার নিজের জন্যই লজ্জার! তার জন্য আমার আফসোসই হচ্ছে।’ এমন আফসোস হয়তো আশরাফুলেরও হচ্ছে!