আগের অবস্থানেই রবিন ও রুবেল
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:২৫
আশরাফুল সব দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ায় একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল যে, বিপিএলের বাকী অভিযুক্তরাও হয়তো ওই পথ বেছে নেবেন। কিন্তু সেই ‘অভিযুক্ত’ দুই ক্রিকেটার মাহবুবুল আলম রবিন ও মোশাররফ রুবেল আবারও নিজেদের অভিযুক্ত বলে মানতেই আপত্তি করলেন। রুবেল বললেন, তিনি এই ব্যাপারে কোনো মন্তব্যই করবেন না। কারণ, আনুষ্ঠানিকভাবে তিনি নিজের সম্পর্কে কোনো অভিযোগের কথা জানেনই না। আর রবিন আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করে নিজের পক্ষে যুক্তি দিলেন।
রবিনের বিপক্ষে অভিযোগ ছিল, বরিশালের বিপক্ষে ঢাকা গ্লাডিয়েটর্সের এই বোলার বুকিদের কথামতো একটি নো-বল করেছিলেন। রবিন আবারও সে যুক্তি খন্ডন করে বললেন, ‘এমনিতেই নো-বল পার্ট অফ গেম। আমি প্রায় তিন বছর পর অতো দর্শকের সামনে ম্যাচ খেলতে নেমেছি। ফলে নার্ভাসনেস থেকে একবার ওভারস্টেপিং হতেই পারে।’
এ ছাড়া ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও নিজের সব ধরনের সম্পৃক্তার অভিযোগ খন্ডালেন তিনি, ‘আমি সেই ম্যাচে যে ক্যাচ ধরেছিলাম; ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকলে নিজের দলের জন্য এসব কেউ করে? আমি কখনোই এসবের সঙ্গে জড়িত ছিলাম না। আবারও বলছি, আমি কখনো ক্রিকেটে কোনো অন্যায় করিনি।’ মোশাররফ রুবেল এ বিষয়ে কথাই বলতে চাইলেন না। তিনি বললেন, তদন্ত রিপোর্ট প্রকাশ হলে তবে তিনি কথা বলবেন। তার আগ পর্যন্ত তিনি নিজের বিপক্ষে অভিযোগ নিয়ে আলাপ করতে রাজী নন।