শারাপোভা-আজারেঙ্কা শেষ চারে
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৪০
শিরোপাধারী মারিয়া শারাপোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা গতকাল বুধবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পরস্পরের মুখোমুখি হবেন তারা। আজকের দিনের অন্য সেমিফাইনালে মহিলা এককের এক নম্বর বাছাই সেরেনা উইলিয়ামস খেলবেন সারা এরানির বিরুদ্ধে। অন্যদিকে রজার ফেদেরারকে বিদায় করে ডেভিড ফেরারের বিরুদ্ধে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা।
জালেনা জ্যাঙ্কোভিচের বিরুদ্ধে শুরুটা মোটেই ভালো হয়নি শারাপোভার। প্রথম সেটে বলতে গেলে দাঁড়াতেই পারেননি তিনি। একটি পয়েন্টও না খুইয়ে সেটটি জিতে নেন জ্যাঙ্কোভিচ। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান শারাপোভা। সেটটি জিতে নেন ৬-৪ গেমে। এরপর তৃতীয় সেটটি ৬-৩ গেমে জিতে নিয়ে শেষ পর্যন্ত সেমির টিকেট কাটেন রুশ নন্দিনীটিই।
অপর কোয়ার্টার ফাইনালে আজারেঙ্কা ৭-৬ (৭-৩), ৬-২ গেমে হারান মারিয়া কিরিলেঙ্কোকে।
এদিকে ৯০০তম জয়ের একদিন পরেই গত মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো ফেদেরারকে। স্বাগতিক দর্শকদের সমর্থনপুষ্ট সোঙ্গা ৭-৫, ৬-৩, ৬-৩ গেমে হারান এই সুইস সুপারস্টারকে। অন্য ম্যাচটিতে ফেরার স্বদেশি টমি রব্রেডোকে হারান ৬-২, ৬-১, ৬-১ গেমে। পুরুষ এককের সেমিফাইনাল দুটি আগামীকাল অনুষ্ঠিত হবে।