ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন গ্লাডিয়েটর্স মালিক

ঢাকা গ্লাডিয়েটর্স কর্তৃপক্ষ শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চলমান ফিক্সিং কেলেঙ্কারিকে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখতে পাচ্ছে। গতকাল বনানীতে নিজের অফিসে বসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঢাকা গ্লাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী আবারো দাবি করলেন, এটা আইপিএলের চলমান বিতর্ককে চাপা দেয়ার একটা প্রচেষ্টা হতে পারে। একইসঙ্গে তিনি মনে করছেন, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে কোনোপক্ষেরও ষড়যন্ত্র হতে পারে। সেলিম চৌধুরী বলছেন, আকসুর সঙ্গে গত বুধবার কথা বলতে গিয়ে তার ষড়যন্ত্রের কথা আবারো মনে হয়েছে, ‘তারা আমাকে বলে—আশরাফুল সব স্বীকার করেছে, বিপিএল বন্ধ হয়ে যেতে পারে, আপনারও কিছু বলার থাকলে বলে দিতে পারেন। আমি বললাম, মানে কী! বিপিএল বন্ধ হতে পারে, এটা বলার তোমরা কারা? আমার কাছে তো এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রই মনে হচ্ছে। আইপিএল নিয়ে যে তোলপাড় হচ্ছে সেটা চাপা দেয়ার কোনো ষড়যন্ত্র নয় তো?’ এই প্রশ্নের পাশাপাশি সেলিম চৌধুরী ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন আশরাফুলের কথাবার্তায়। তার ধারণা কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে আশরাফুল এসব বলছেন। আবার স্ববিরোধীভাবে সেই সেলিম চৌধুরীই বলছেন, তারা বিপিএল চলা অবস্থায়ই আশরাফুলকে ‘ফিক্সার’ হিসেবে বুঝতে পেরেছিলেন এবং চট্টগ্রাম ও বরিশালের বিপক্ষে ম্যাচ ফিক্সিং হয়েছে বলে বুঝেছিলেন! পরক্ষণেই আবার মোহাম্মদ রফিকের দাবিকে উড়িয়ে দিয়ে তাকে গুরুত্বহীন পদে ছিলেন বলে প্রমাণ করার চেষ্টা করলেন সেলিম চৌধুরী। আর বারবার নিজেদের নির্দোষ দাবি করার পাশাপাশি আগামীকাল একটি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানালেন তিনি।