ফিফা র্যাঙ্কিং

ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে ব্রাজিল, দুই ধাপ উন্নতি বাংলাদেশের

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ২০১৪ বিশ্বকাপের আয়োজক দেশটি র্যাঙ্কিং টেবিলে ২২ নম্বরে নেমে এসেছে। গত মাসে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটি ১৯তম স্থানে ছিল। এই এক মাসে তিন ধাপ অবনতি ঘটেছে তাদের। তবে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন র্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছে। এছাড়া জার্মানি (দ্বিতীয়), আর্জেন্টিনা (তৃতীয়) এবং ক্রোয়েশিয়ার (চতুর্থ) অবস্থানের পরিবর্তন হয়নি। বাংলাদেশ দুই ধাপ উন্নতি ঘটিয়ে ১৫২তম স্থানে রয়েছে। এশিয়ানদের মধ্যে জাপান (৩২তম) সবার ওপরে রয়েছে। গত ২০১০ বিশ্বকাপের রানার্স আপ নেদারল্যান্ডস চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে। পর্তুগাল নেমে গেছে ছয় নম্বরে। ইতালি অষ্টম স্থানেই রয়েছে। তবে ইংল্যান্ডের দুই ধাপ অবনতি ঘটেছে (নবম)। ইকুয়েডর রয়েছে দশম স্থানেই।