মহিলা ফুটবলারদের চাকরি হলো বিজেএমসিতে

বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) পুনরায় ফুটবল মাঠে ফিরে আসার পর তাদের খেলাধুলা আরো বেশি সক্রিয় হয়েছে। গত দুই বছরে বিজেএমসি অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। মহিলা ফুটবলেও রয়েছে তাদের অবদান। মহিলা ফুটবলে আরো সক্রিয় হতে খেলোয়াড়দের চাকরির সংস্থান করা হয়েছে। বিজেএমসি ১৮ জন মহিলা ফুটবলারকে চাকরি দিয়েছে। সবাই বিজেএমসির বিভিন্ন মিলসে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছেন বিজেএমসির পরিচালক আরিফ খান জয়। দুইজন কোচসহ ১৮ ফুটবলারের মধ্যে জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছেন, যারা মাসে সাত হাজার টাকা বেতন পাবেন। সাথে বছরে দুটি বোনাস। আরিফ খান জয় জানিয়েছেন, ১২০ জনের চাকরি হবে। তিনি বলেন, আমাদের দেশের মেয়েরা খেলাধুলায় এসে যদি একটা চাকরি পায় সেটা তার পরিবারের জন্য বিরাট কাজে লাগবে। মেয়েরা খেলবে পারিবারে অর্থের সংস্থান যোগাবে। তাতে মেয়েটি খেলাধুলায় আরো বেশি মনযোগী হতে পারবেন।’ তিনি বলেছেন, আমরা এর আগেও মহিলা ক্রীড়াবিদের চাকরি দিয়েছি বিজেএমসিতে।’ কোচ হলেন মং মারমা এবং সহকারী কোচ আকবর আলী। খেলোয়াড়রা হলেন সুরাইয়া সুলতানা, ফাতেমা জোহরা মুক্তা, খাদিজা খাতুন রুমা, আকলিমা খাতুন, আসমা আক্তার, জান্নাতুল ফেরদৌস রিক্তা, সুরভী আক্তার ইতি, রুপা আক্তার, অসিয়া খাতুন বিথী, মাহফুজা খাতুন নীলা, সাবিনা আক্তার, জয়া চাকমা, লিনা চাকমা, কেমি চাকমা, রওশন আরা, ঝুমুর আক্তার।