আত্মবিশ্বাসী তোরেস

শুরুটা মোটেও ভাল ছিল না, ৫০ মিলিয়ন ইউরোর (প্রায় ৫০০ কোটি টাকা) বিনিময়ে লিভারপুল থেকে চেলসিতে আসার পর প্রথম ১৯ ম্যাচে মাত্র একবারই গোলের দেখা পেয়েছিলেন তোরেস। তবে, সময়ের সাথে সাথে নিজেকে ফিরে পেয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। গত মৌসুমে দারুণ ফর্মে থাকা এই খেলোয়াড়ের গোলেই উয়েফা ইউরোপা লিগের ফাইনালে বেনফিকাকে হারায় লন্ডনের ক্লাবটি। তাই হোসে মরিনহো চেলসিতে ফিরে আসায় নিজের ভবিষ্যতে কোন প্রভাব ফেলবে না বলেই মন্তব্য করলেন আত্মবিশ্বাসী তোরেস। গত শুক্রবার ফার্নান্দো তোরেস পর্তুগীজ কোচ হোসে মরিনহোর স্ট্যামফোর্ড ব্রীজে ফিরে আসাটা সত্যিই ক্লাবের জন্য দারুণ সুখবর। তবে এর ফলে চেলসির সাথে তার চুক্তি নিয়ে কোন সমস্যা হবে না বলেই তোরেস মনে করেন। স্প্যানিশ এই স্ট্রাইকার বলেন, ‘চেলসির সাথে আমার এখনো তিন বছরের চুক্তি বাকি রয়েছে। তাই আমি এ বিষয়ে চিন্তিত নই। এখানকার ভবিষ্যত্ সম্পর্কে আমি জানি। সত্যি কথা বলতে কি প্রতি গ্রীষ্মে এমন একটি বিষয় আমার সামনে উপস্থিত হয়। এখানে অনেক ধরনের আলোচনা ও ভবিষ্যদ্বাণী জড়িয়ে থাকে। কিন্তু চেলসির সাথে চুক্তি করার সময় আমি যেমনটি বলেছিলাম সাড়ে পাঁচ বছর এই ক্লাবেই থাকবো সেই সিদ্ধান্তেই আমি অটল আছি। আমার ভবিষ্যত্ এখানেই লেখা আছে এবং বর্তমান রয়েছে জাতীয় দলের সাথে।’ আগামী ১৫ জুন থেকে ব্রাজিলে শুরু হওয়া কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী স্পেন জাতীয় ফুটবল দলে রয়েছেন তোরেস। কনফেডারেশন কাপের আগে যুক্তরাষ্ট্রের মিয়ামি এবং নিউইয়র্কে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তোরেস বলেন, ‘ইংল্যান্ডে শুরুটা খুব একটা ভাল হয়নি। স্কোর করতে না পারায় সময়গুলো বেশ কঠিন ছিল। কিন্তু সময় যত পার হয়েছে ধীরে ধীরে সবকিছুর উন্নতি হয়েছে। এখন আমি স্কোর করতে পারি এবং আমি জানি এর থেকেও ভাল আমি করতে পারবো। ’ দীর্ঘদিন ইংলিশ ফুটবলের সাথে নিজেকে মানিয়ে নেবার পরে এই মুহূর্তে এসে নিজের অনুশীলনে কিংবা মানসিক প্রস্তুতি কোনটাই পরিবর্তন করতে চান না তোরেস। বেনিতেজের অধীনে দলের যেভাবে পারফরমেন্সের উন্নতি ঘটেছে তার মধ্যে তোরেসও সামিল আছেন। এ কারণেই তিনি অকপটেই স্বীকার করেছেন দল যেহেতু ভাল করছে তাই নিজের পারফরমেন্সেরও উন্নতি ঘটেছে। এখানে গোপনীয়তার কিছু নেই। আগামী ১৬ জুন রেসিফে উরুগুয়ের বিপক্ষে স্পেন এবারের কনফেডারেশন কাপের মিশন শুরু করবে। এর পর তারা গ্রুপের অপর দুই দল তাহিতি এবং নাইজেরিয়ার মুখোমুখি হবে।