রাণীনগরে সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিন্নমূল মানুষ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২১:৩৮
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর সড়কের পাশে হাতিরপুল নামক স্থানে ছোট খালের পাড়ে গড়ে ওঠেছে ছিন্নমূল অসহায় মানুষদের হঠাত্ পাড়া। একটু নিরাপদ আশ্রয়ের জন্য রক্তদহ বিলের মোহনায় সমপ্রতি ড্রেনেজ করা উঁচু পাড়ের উপর বসতি স্থাপন করেছে বাস্তুহারা কিছু ছিন্নমূল মানুষ। কিন্তু প্রায় প্রতি রাতেই এই পাড়ায় এলাকার স্থানীয় টপটেরর ও প্রভাবশালী বখাটেদের নানা অসামাজিক অপকর্মের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে এই পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিঃস্ব এই মানুষেরা স্থানীয় সংসদ সদস্যের অনুমতিক্রমে এখানে বসতি স্থাপন শুরু করে। এই বসতির জন্য তাদেরকে প্রতিটি ঘরের জায়গার জন্য বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে মোটা অংকের অর্থ চাঁদা দিতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই হঠাত্ পাড়ার অনেকেই অভিযোগ করে বলেন, রাতের আঁধারে এই নির্জন হঠাত্ পাড়ায় স্থানীয় নেশাখোর ও প্রভাবশালী মাস্তানরা এসে মাদকসেবন, কলগার্ল নিয়ে এসে রাত কাটানোসহ বিভিন্ন অসামাজিক অপকর্ম চালিয়ে আসছে। ফলে অনেক সময় তাদেরকে পরিবার পরিজন নিয়ে বাইরে কাটাতে হয়। নিজের জীবন আর পরিবারের কথা ভেবে ভয়ে তারা তাদেরকে বাধা দিতে পারে না। কোন কিছু বলতে গেলেই এই অসহায় মানুষদেরকে বিভিন্ন রকমের ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদান করা হয়। রাতে তাদেরকে আশ্রয় না দিতে চাইলে তারা জোর করে তাদের স্ত্রী-মেয়ে ও বোনদের শ্লীলতাহানি ঘটাবে বলে ভয়-ভীতি দেখায়। তাদের ভাষ্য, মাথা গোঁজার কুড়েঘরের আশায় এখানে এসে তারা এই সিন্ডিকেটের হাতে অসহায় ও জিম্মি হয়ে পড়েছে।