মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভুঁইয়া এ আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, গত ২০০৭ সালের ১১ জুন মানিকগঞ্জ সদর উপজেলার গোকুলনগর গ্রামের মাজেদা বেগমকে তার স্বামী সন্তোষ ও তার ভাই আফছার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যৌতুকের জন্য মারপিট করে হত্যা করে। ঘটনার পরেরদিন নিহত মাজেদা বেগমের ভাই মানিক মিয়া মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামিদের পক্ষে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।