নীলনদের এক বিন্দু পানির বিকল্প হবে জনগণের রক্ত

নীলনদে বাঁধ নির্মিত হলে ভয়াবহ পানি সংকট ও মরুকরণের মুখে পড়বে মিসর। তাই এই বাঁধ তৈরি না করে ‘বিকল্প পন্থায়’ সমস্যা সমাধানের সকল পথ খোলা রাখতে রাজি আমরা। গত সোমবার শত শত সমর্থকের উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এসব কথা বলেন। তিনি ইথিওপিয়াকে সতর্ক করে বলেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু পানি নিরাপত্তায় যেকোন ধরনের হুমকি আসলে আমাদের সংঘর্ষের পথই বেছে নিতে হবে। মিসর পানি হারাবে না পরিবর্তে বইয়ে দিবে রক্ত। টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত ভাষণে প্রেসিডেন্ট মুরসি বলেন, আমরা যুদ্ধকে সমর্থন দেই না। কিন্তু নীলনদের এক বিন্দু পানির বিকল্প হবে আমাদের রক্ত। এদিকে নীলনদে ৪.২ বিলিয়ন ডলার ব্যয়ে হাইড্রোলিক বাঁধ নির্মাণ করতে যাচ্ছে ইথিওপিয়া। এদিকে কলোনি যুগে যে চুক্তি হয়েছিলো তাতে এই নদের পানির বেশিরভাগ অংশে মিসর ও সুদানের অধিকার রাখা হয়েছিল। কিন্তু এ বাঁধ নির্মিত হলে তা ঐ চুক্তিকে হুমকির মুখে ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, ইথিওপিয়ার ব্যাপক আকারে পানি সংরক্ষণের ফলে তিন থেকে পাঁচ বছরের ভেতর মিসর নদের শতকরা ২০ ভাগ পানি হারিয়ে ফেলবে।