সংবাদ কণিকা

শেষ টেলিগ্রাম ১৫ জুলাই ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ১৬০ বছরের ঐতিহ্যবাহী টেলিগ্রাম সার্ভিস। আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম বন্ধ হবে। এর মধ্যদিয়ে সেখানে অবসান ঘটবে টেলিগ্রাম সেবার। এটি তখন থাকবে শুধু মানুষের স্মৃতির পাতায়। কেননা অসংখ্য গান, উপন্যাস ও চলচ্চিত্র জগতে এর ব্যবহার দেখানো হতো গুরুত্বের সঙ্গে। বড় কোন ঘটনার খবর পৌঁছাতে এ যন্ত্রটির ব্যবহারের কোন বিকল্প ছিল না। ১৮৫০ সালে কলকাতা ও ডায়মন্ড হারবারে এর প্রথম ব্যবহার শুরু হয়। তারপর কালক্রমে তার বিস্তার ঘটে দেশব্যাপী। -টাইমস অব ইন্ডিয়া বিজ্ঞাপন দেয়ায় শাস্তি পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য পিএমএল (এন)-কে অভিনন্দন জানিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয়ায় প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। বুধবার ন্যাশনাল হাইওয়ে এবং মোটরওয়ে পুলিশের আইজি জাফর আব্বাস লুককে তার পদ থেকে এ কারণে সরিয়ে দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কোনও সরকারি দফতর যাতে তার বা তার দলের প্রশংসা করে কোন বিজ্ঞাপন না দেয়, সে ব্যাপারে আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন তিনি।-আনন্দবাজার পত্রিকা ডায়বেটিসের ঝুঁকি হ্রাসে পায়চারি প্রতিবেলা খাবার গ্রহণের পর নিয়মিত ১৫ মিনিট হাঁটলে তা বয়স্ক মানুষদের টাইপ-২ ডায়বেটিসের ঝুঁকি কমায় বলে জানানো হয়েছে নতুন এক গবেষণায়। লম্বা পথ হাঁটলে যেমন তা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে তেমনি খাওয়ার পরে সামান্য হাঁটাও একই ফল দেয়। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় বলা হয়, খাবার গ্রহণের পর উচ্চমাত্রার ব্লাড সুগার টাইপ-২ ডায়বেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই খাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্রামে যাওয়াটা বিপজ্জনক। -রয়টার্স