কালীগঞ্জে শত্রুতার
বলি পটলের ক্ষেত
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:৩৪
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে মল্লিকপুর গ্রামে মোহাম্মত আলী নামে এক কৃষকের ২ বিঘা জমির ধরন্ত পটল ক্ষেত সাবাড় করে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা। বৃহস্পতিবার ভোর রাতে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। কৃষক মোহাম্মদ আলী এখন আহাজারি করছেন। তিনি ধারদেনা করে পটলের আবাদ করেছিলেন এ ব্যাপারে একই গ্রামের রাজ্জাক আলী, সোহাগ, আদিল উদ্দিনসহ ৪-৫ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মোহাম্মদ আলী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষক মোহাম্মদ আলী জানান, কয়েকদিন পূর্বে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীদের সাথে তার ঝগড়া হয় পরে তারা হুমকি দেয় দেখে নেবে বলে। এই ঘটনার কয়েক দিন পরেই সন্ত্রাসীরা তার এই ক্ষতি করেছে বলে সন্দেহ।