গৌরীপুরে হাসপাতালে হামলার প্রতিবাদে কর্মবিরতি
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:৩৬
ময়মনসিংহ গৌরীপুরে যথাসময়ে অ্যাম্বুলেন্স না পাঠানোর অভিযোগে রোগীর আত্মীয়-স্বজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার, উপ-সহকারী মেডিক্যাল অফিসার ও অ্যাম্বুলেন্স চালকের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। হামলার প্রতিবাদে ডাক্তার কর্মচারীরা আধাবেলা কর্মবিরতি পালন করেছেন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহর অসুস্থ পিতা বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের সাদউল্লাহকে (৬২) হাসপাতালে আনার জন্য সকাল ৫টা ৫৫মিনিটে অ্যাম্বুলেন্স চালককে ফোন দেন। বিকল্প যানবাহন সংগ্রহ করে হাসপাতালে নিয়ে আসতে বিলম্বের কারণে সাদউল্লাহর মৃত্যু হয়েছে বলে রোগীর আত্মীয়-স্বজন দাবি করেন। সাদউল্লাহকে সকাল ৬টার দিকে গৌরীপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সোহেল আহাম্মেদ মৃত ঘোষণা করেন। এরপরই রোগীর আত্মীয়-স্বজন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সোহেল আহাম্মেদ, উপ-সহকারী মেডিক্যাল অফিসার মোঃ আক্তার সোহেল আহম্মেদ ও অ্যাম্বুলেন্স চালক মোঃ শিমুলের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পরই হাসপাতালে সকল চিকিত্সা কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন শুরু হয়।