দৌলতপুরে সন্ত্রাসী হামলায় ব্যাংক ম্যানেজার আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় অবস্থিত কৃষি ব্যাংক দৌলতপুর শাখায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংক ব্যবস্থাপককে পিটিয়ে আহত করেছে। ব্যাংক ব্যবস্থাপক দৌলতপুর হাসপাতালে চিকিত্সাধীন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক মামলা করেছেন। দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাগুনিয়া শালিমপুর এলাকার ফজল সর্দারের ছেলে জাহাঙ্গীর ওরফে নেন্টু কৃষি ব্যাংক দৌলতপুর (তারাগুনিয়া) শাখার ব্যবস্থাপক আব্দুল আলীমের নিকট ভুয়া কাগজপত্র দেখিয়ে ৫/৬টি নামে ঋণ দেবার জন্য চাপ প্রয়োগ করেন। ব্যাংক ব্যবস্থাপক ভুয়া কাগজপত্র ও নাম ঠিকানায় ঋণ প্রদানে অস্বীকৃতি জানালে নেন্টু ও তার সহযোগীরা কাঠের গুঁড়ি দিয়ে ব্যবস্থাপক আব্দুল আলীমকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যান। এসময় ব্যাংকের কর্মচারীরা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।