মামলা ছাড়াই থানায় ৪২ ঘন্টা আটক এক নার্স

মামলা ছাড়াই আফরিন পারভিন নামের এক নার্সকে ৪২ ঘন্টা ঝিনাইদহ সদর থানাতে আটক রাখার অভিযোগ উঠেছে। ঘটনা সূত্রে জানা যায়, সিজারের মাধ্যমে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে গত শনিবার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুরের মন্টু জোয়ার্দ্দারের স্ত্রী শাহনাজ খাতুনের পুত্র সন্তান হয়। রবিবার বিকালে নার্স আফরিন পারভিন একটি ইনজেকশন পুশ করার পর প্রসূতির মৃত্যু হয়। এরপর মৃতের স্বজনেরা রাত ১০টার দিকে হাসপাতাল ভাংচুর শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নার্স ও স্টোর কিপারকে আটক করে পরিস্থিতি শান্ত করে লাশ ময়না তদন্তে পাঠায়। এ ব্যাপারে নার্সের বোন কাকলী পারভিন অভিযোগ করে বলেন, মৃতের স্বজনেরা মামলা না করায় বোনকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলে এক দারোগা ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তার বোনকে ৪২ ঘন্টা আটক রেখে আদালতে চালান দেয়া হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, টাকা দাবির কথা সঠিক নয়। মৃতের আত্মীয়-স্বজন মামলা না করায় মঙ্গলবার আটক দু’জনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।