ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে :তুর্কি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২০:৫৪
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান ইস্তাম্বুলের গেজি পার্কে অবস্থান নেয়া বিক্ষোভকারীদেরকে শেষবারের মতো ঘরে ফেরার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।
আমি আপনাদের সতর্ক করছি, আপনারা ঘরে ফিরে যান। বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। এদিকে এ হুমকির একদিন পর বিক্ষোভকারীরা বলেছে, সরকারের সিদ্বান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা পার্ক ছাড়বে না।
এরদোগান বলেন, আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। অবিলম্বে আপনাদের পার্কের দখল ছাড়তে হবে। আর ধরে নিন, এটাই আপনাদের শেষ সুযোগ। তিনি অভিভাবকদের সাবধান করে দিয়ে বলেন, আপনারা আপনাদের সন্তানকে এখান থেকে নিয়ে যান। আমরা আর অপেক্ষা করবো না। এটা কোনো দখলদার বাহিনীর পার্ক না। তার এই হুঁশিয়ারির পরও অনমনীয় বিক্ষোভকারীরা । তাদের বক্তব্য, ঐতিহাসিক গেজি পার্কে গাছ কেটে শপিং মল বানানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না। এর আগে ক্ষমতাসীন দল একে পার্টির ডেপুটি চেয়ারম্যান হুসাইন সেলিক জানান, ঐতিহাসিক গেজি পার্কে আধুনিক শপিং মল হবে কি না সে বিষয়ে গণভোটের পরিকল্পনা করছে তুরস্ক সরকার।
এদিকে এরদোগান শুক্রবার বিক্ষোভকারীদের একটি অংশের সঙ্গে বৈঠক করেছেন। এতে সাংবাদিক, লেখক, গায়ক, ইউনিয়ন নেতাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। তিনি তাকসিম ঐক্যজোটের এক নেতার সঙ্গে সেসময়ে কথা বলেন। তবে এতে কোন ফলপ্রসূ অগ্রগতি হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।