রাষ্ট্রীয় টিভি বন্ধের প্রতিবাদে গ্রিসজুড়ে ধর্মঘট

গ্রিসে রাষ্ট্রীয় টিভি ইআরটি সম্প্রচার বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘট শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রাজনৈতিক সঙ্কট সামাল দিতে আলোচনার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তোনিস সামারাস। টিভি স্টেশন বন্ধের সিদ্ধান্তের বিরোধিতাকারী দুটি বাম-পন্থি জুনিয়র কোয়ালিশন পার্টিকে আগামী সোমবার আলোচনায় ডেকেছেন প্রধানমন্ত্রী। তার কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। ধর্মঘটের কারণে বেশিরভাগ সরকারি সেবাখাত অচল হয়ে পড়েছে। সরকারি কার্যালয়, স্কুল ও হাসপাতালগুলোতে সেবা ব্যাহত হচ্ছে। গ্রিস সরকার ‘অপচয়ের স্বর্গ’, অভিযোগে হঠাত্ রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি সম্প্রচার বন্ধ করায় কর্মহীন হয়েছে ২৭০০ কর্মী। এর প্রতিবাদে শুরু হওয়া ধর্মঘটে গ্রিসের গণমাধ্যমগুলোও অংশ নিয়েছে। এথেন্সে সমাবেশের জন্য ইআরটি কার্যালয় অভিমুখে মিছিল করেছে বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী সামারাস ইআরটিকে “অপব্যয় এবং অস্বচ্ছতার প্রতীক” হিসেবে উল্লেখ করেছিলেন।