দক্ষিণ কোরিয়া ‘চরম অভদ্রতা’ দেখিয়েছে : উত্তর কোরিয়া

সাত বছর পর দুই কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও দক্ষিণ কোরিয়ার ‘ঔদ্ধত্বপূর্ণ আচরণের’ কারণেই বুধবার তা ভেস্তে গেছে বলে উত্তর কোরিয়া অভিযোগ করেছে। উত্তর কোরিয়া মনে করে এধরনের কাজের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ‘চরম অভদ্রতা’ দেখিয়েছে। আগামীতে দুই কোরিয়ার মধ্যের বৈঠকের সম্ভাবনাও হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, বৈঠকের সম্ভাবনা থাকলেও বৈঠক নিয়ে শুরু থেকেই দক্ষিণের নেতারা ধোঁয়াশা তৈরি করে আসছিলো। বৈঠকের ঠিক পূর্ব মুহূর্তে প্রতিনিধি দলের প্রধানকে পরিবর্তন করে সম্ভাব্য আলোচনায় ‘ইচ্ছাকৃতভাবে ঝামেলা’ তৈরি করেছে দক্ষিণ। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএন বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়া মনে করে দক্ষিণ কোরিয়া সম্ভাব্য আলোচক দলের প্রধান হিসাবে একত্রিকরণ বিষয়ক উপ-মন্ত্রী কিম ন্যাম-সিককে মনোনয়ন দিয়ে দুই কোরিয়ার সংলাপের ইতিহাসে ‘চরম অভদ্রতা’ ও ‘নজিরবিহীন অসৌজন্যতা’ দেখিয়েছে।