গাবখান ও সন্ধ্যা নদীর তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কাউখালীর আশোয়া গ্রাম

পিরোজপুরের কাউখালী উপজেলার আশোয়া গ্রামের মানচিত্র নদীর তীব্র ভাঙ্গনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর ও আইলায় ওই গ্রামের বিভিন্ন জনপদ বিধ্বস্ত হবার পর নতুন করে আবার ভাঙ্গন শুরু হওয়ায় আশোয়া গ্রামের প্রায় ৩ হাজার অধিবাসী উদ্বিগ্ন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশোয়া গ্রামের দুই পাশ থেকে বয়ে গেছে প্রমত্তা সন্ধ্যা ও গাবখান নদী। যৌথ নদীর মাঝখানে অবস্থিত আমরাজুরি ইউনিয়নের প্রায় ৩ হাজার জনবসতি নিয়ে গঠিত আশোয়া গ্রামটি। সরেজমিনে আরো দেখা গেছে, নদীর প্রচণ্ড স্রোতের তোড়ে বেড়িবাঁধসহ প্রচুর আবাদি ফসল, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরিঘাট, জনপদ ও বনজ সম্পদসহ জনবসতি দিনের পর দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে আশোয়া গ্রামের জনসাধারণ পরিণত হচ্ছেন নদী সিকস্তি ও ছিন্নমূল মানুষে। গ্রামটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের শক্তিশালী তেমন কোন বেড়িবাঁধও নেই। আংশিক যে বেড়িবাঁধটি ছিল তাও যথাসময়ে মেরামতের অভাবে আইলায় পুরোপুরি ক্ষত-বিক্ষত হয়ে গেছে।