স্থবির রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনা
কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২০:৫৯
অরণ্যসুন্দরী শহর রাঙ্গামাটিকে ঘিরে থাকা সবুজ পাহাড় আর নীল হ্রদের মুগ্ধতায় এখন আর বিমুগ্ধ হচ্ছে না দেশি-বিদেশি পর্যটকরা। পাহাড়ের বর্তমান রাজনৈতিক অবস্থা, পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে নানা সমস্যার কথা বললেন এখানকার পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট অনেকে। অভিজ্ঞমহলের মতে,পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যটকদের ‘নিয়ন্ত্রিত মুভমেন্ট’ থাকার কারণেই তেমন সাড়া মিলছে না। পার্বত্য জেলা প্রশাসনগুলো বিদেশি পর্যটকদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে কিন্তু পুলিশ বেষ্টিত সৌন্দর্য দর্শন বিদেশিরা চান না। এখানকার পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন পার্বত্য চট্টগ্রাম দেশের পর্যটন ক্ষেত্রে ‘গোল্ড মাইন’বা সোনার খনি। একে কাজে লাগাতে হবে।’ রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব আবুল কাশেম বলেন কোন বেসরকারি উদ্যেক্তা কোন প্রকল্পে বাস্তবায়ন করতে গেলে এখানকার ৩-৪টি গ্রুপকে চাঁদা দিতে হয়। তিনি বলেন, ১৯০০ সালের আইন অনুযায়ী স্থায়ী বাসিন্দা ছাড়া বাইরের কেউ ভূমি ক্রয় করতেও পারেন না। রাঙ্গামাটিতে বর্তমান সরকার মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছে কিন্তু সেখানেও বাধা আসছে।