ছয় মাস পর কবর থেকে লাশ উত্তোলন
মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২১:০২
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামে মৃত্যুর ৬ মাস পর মৃত আব্দুল জলিল মিয়ার মৃতদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ২২ ডিসেম্বর আব্দুল জলিল মিয়া মারা যায়। মৃত্যুর পূর্বে তার বিষয় সম্পত্তি ১ ছেলে ও ১ মেয়েকে লিখে দেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মেয়ে মমতাজ বেগমের বাড়ীতে তার মৃত্যু হয়। প্রকাশ, সম্পত্তি বঞ্চিত ছেলে বাদশা মিয়া বিচার ও শালিসের মাধ্যমে কোন প্রতিকার না পেয়ে গত ২৭ ফেব্রয়ারি তার বোন মমতাজ বেগম ও ভগ্নিপতি আঃ সালামসহ কয়েকজনকে আসামী করে হবিগঞ্জ কোটে একটি হত্যা মামলা দায়ের করেন। ময়না তদন্তের জন্য গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিলের উপস্থিতিতে পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।