কোটালীপাড়ায় পত্রিকা এজেন্টকে জীবননাশের হুমকি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:৩৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার একমাত্র এজেন্ট রঞ্জন কুমার সরকারকে মারধর করে জীবননাশের হুমকি দিয়েছে তার প্রতিবেশী।
জানা গেছে, উপজেলার গচাপাড়া গ্রামের মৃত চিত্ত রঞ্জন সরকারের ছেলে পত্রিকার এজেন্ট রঞ্জন কুমার সরকারের সাথে তার প্রতিবেশী মৃত শফিউদ্দিন শেখের ছেলে বক্কার শেখের দীর্ঘদিন ধরে বসতবাড়ি নিয়ে বিরোধ। এরই সূত্র ধরে গত শুক্রবার দিবাগত রাত ৯টায় বক্কার শেখ তার লোকজন নিয়ে রঞ্জন কুমার সরকার ও পরিবারের লোকজনের উপর হামলা চালায়। কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় রঞ্জন কুমার সরকার তার স্ত্রী কৃষ্ণা সরকার, ভাই শংকর সরকার, মা সাধনা রানি সরকার আহত হয়। এ ব্যাপারে রঞ্জন কুমার সরকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রঞ্জন কুমার সরকার বলেন, বক্কার শেখ দীর্ঘদিন ধরে আমার বসত বাড়িটি তাকে লিখে দিতে বলেন। আমি তাকে বাড়িটি লিখে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হন। আমাকে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেন। ঘটনার দিন রাতে আমার বাড়িতে এসে বাড়িটি লিখে দিতে বলেন। আমি রাজি না হওয়ায় বক্কর তার লোকজন নিয়ে আমাদের মারধর শুরু করে।