কালীগঞ্জ পৌরসভা নির্বাচন ২০ জুন
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:৩৭
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা ২০১০ সালের ১১ নভেম্বর গঠন করা হলেও ২০ জুন এ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ২ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৫২ জন ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয়ভাবে নির্বাচন না হলেও মেয়র পদের দুই প্রার্থীই দলীয় পরিচয়ে নির্বাচনে লড়ছেন। মেয়র পদে আওযামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন (আনারস) ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. লুত্ফর রহমান (চশমা) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এ নির্বাচনে উল্লেখিত ২ প্রার্থীসহ ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত ৫ প্রার্থীর মধ্যে থেকে দুই খালাত ভাই লুত্ফর ও স্বপন মেয়র পদে প্রার্থী হিসাবে থাকায় নির্বাচনের হিসাব-নিকাশ জটিল করে তুলেছে। পৌরসভায় উন্নীত হওয়ার আগে বিএনপি সমর্থিত প্রার্থী লুত্ফর রহমান কালীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ভোটাররা এখন তার অতীতের কাজের বিচার বিশ্লেষণ করছেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছেন। এর আগে তিনি গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ১৫ দশমিক ২০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত কালীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড রয়েছে ৯টি। নির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৪৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪০১ জন। ভোট কেন্দ্র ১৫টি, বুথ ৮০টি। রির্টানিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, কেউ যাতে আচরণবিধি লংঘন করতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি করা হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।