মোবারকগঞ্জ চিনিকলের পাঁচ নেতার নামে মামলা
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:৩৯
চাঁদাবাজির অভিযোগে এনে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৫জন সিবিএ নেতার নামে দ্রুত বিচার আইনে ঝিনাইদহ আদালতে মামলা করেছেন মিলের এক কর্মচারী। মামলার এজাহার থেকে জানা গেছে, মোবারকগঞ্জ চিনিকলের বিদ্যুত্ বিভাগের মৌসুমী কর্মচারী অনুপমপুর গ্রামের সাদেক আলীর ছেলে চান্দু মিয়া সুগার মিলে যোগদানের পর বিভিন্ন সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মসিউর রহমান স্বপন, সাধারণ সম্পাদক আবু সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মেম্বর রিয়াজ উদ্দিন ও লিয়াকত আলী তার কাছে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চান্দুর মা ১০ হাজার টাকা সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের হাতে তুলে দেয়। এ ঘটনার পর চান্দু মিয়া গত ১০ জুন ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার-এর আদালতে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। মোবারকগঞ্জ চিনিকলের সভাপতি মসিউর রহমান স্বপন ও সম্পাদক আবু সেলিম রেজা জানান, তাদের হয়রানি করার জন্য একটি মহল চান্দুকে দিয়ে এই মামলা করিয়েছে।