রায়পুরে ডাকাতের গুলি ও প্রহারে আহত ১৩

শুক্রবার রাতে উপজেলার সোনাপুর ইউপি সদস্য জসিম পাটওয়ারীর বাড়িতে ২০-২৫ জনের ডাকাত হানা দিয়ে গৃহকর্তার স্ত্রী ফয়েজের নেছা, মেয়ে লিমা বেগম ও পাহারাদার আবুল কাশেমকে বেদম প্রহার করে নগদ টাকা, ৭ ভরি স্বর্ণালংকারসহ মোট সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। একই রাতে চরবগা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইউছুফ কাঞ্চনের বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে তাঁর স্বজনদের মারধর করে ডাকাতি করে। পরে একই পরিচয়ে শিক্ষকের ভাই সাবেক সেনা সদস্য ইসমাইল হোসেন, র্যাব সদস্য আলমগীর হোসেন ও কৃষক কাউছার আহাম্মদ খোকনের ঘরে ঢুকে মারধর করে ২০ ভরি স্বর্ণসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। স্থানীয়রা ডাকাতদের ঘেরাও দিলে ডাকাতের গুলিতে কাউছার আহাম্মদ খোকন গুলিবিদ্ধ হয়।