কাহালুতে বর ভগ্নিপতি ও শাশুড়ির কারাদণ্ড

গত শুক্রবার বিকালে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে ২ টি বাল্য বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে বর ও বরের ভগ্নিপতিসহ শাশুড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। প্রকাশ, ওই দিন বাদ জুমা মাগুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ৭ম শ্রেণীতে পড়ুয়া কন্যা রিমার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বাল্য বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছিম আহমেদ কাহালু থানার ওসি তোফাজ্জল হোসেনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বর রাশেদুল ইসলাম (২৮), বরের ভগ্নিপতি সামছুল হক (৬০) এবং বরের শাশুড়ি শাহনাজকে (৩০) আটক করে উপজেলায় নিয়ে আসে এবং পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছিম আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর রাশেদুল ও তার ভগ্নিপতি সামছুল হককে ১ মাস করে এবং মেয়ের মাতা শাহনাজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাশেদুল বগুড়া জেলার গাবতলী উপজেলার গোরদহ উত্তরপাড়া গ্রামের মৃত শফি উদ্দিন সরকারের পুত্র, ভগ্নিপতি সামছুল হক একই গ্রামের মৃত জামাত উল্লার পুত্র এবং শাহনাজ কাহালুর মাগুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী বলে জানা যায়।