কাউখালীতে অবৈধ বাঁধ কেটে দিয়েছে এলাকাবাসী
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:৫৪
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধ আর নাব্যতা হারানো খালে পানির প্রবাহ নিশ্চিত করতে এলাকাবাসী প্রভাবশালীদের দেয়া বাঁধ কেটে দিয়েছে। ফলে নাব্যতা হারানো খালে আবার পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। চিরাপাড়া ও সন্ধ্যা নদীর সংযোগস্থলের শাখা খালে বাঁধ দিয়ে বালু ভরাট করে খালের জমি প্রভাবশালীরা দখলের চেষ্টা করলে এলাকাবাসী শনিবার নিজেরাই বাঁধটি কেটে অপসারণ করে। দিনভর খাল সংশ্লিষ্ট দুই শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এ বাঁধ অপসারণের কাজে অংশ নেন। সংহতি জানিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সেখানে আরও ৩০জন মাটি শ্রমিককে নিয়োগ দেন। এলাকাবাসী মাহমুদ খান খোকন জানান, ১৫দিন আগে একটি কুচক্রী মহল ওই খাল লীজ নেয়ার নামে খালে প্রথমে বাঁধ, পরে বাঁধের আশপাশ জুড়ে বালি ভরাট করে। এতে প্রবহমান খালটির নাব্যতা হারিয়ে যায়। ওই খাল দখলদারের হাত থেকে উদ্ধারের জন্য বিক্ষুব্ধ এলাকাবাসী গত কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও বাঁধের পাড়ে মানববন্ধনসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল। এতেও খালের বাঁধ অপসারণ ও দখলদারদের কবল হতে খালটি উদ্ধারে কোন কার্যকর উদ্যোগ না নেয়ায় শনিবার এলাকাবাসী কোদাল, খোন্তা আর ঝুড়ি নিয়ে বাঁধের পাড়ে সমবেত হয়। এরপর সকাল সাড়ে নয়টা থেকে নিজেরাই দিনভর বাঁধটি কেটে অপসারণ করে। স্বেচ্ছাশ্রমে খালের বাঁধ অপসারণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আহসান কবির ও ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে গিয়ে সংহতি জানান। উপজেলা চেয়ারম্যান এ.এস.এম আহসান কবির বলেন, প্রশাসনকে ভুল বুঝিয়ে খাল পরিত্যক্ত দেখিয়ে জেলা পরিষদ থেকে লীজ নিয়ে খালে বাঁধ দেয়া হয়। প্রবহমান খালে এভাবে কেউ বাঁধ দিতে পারে না।