নেত্রকোনায় নাজুক অবস্থায় বহু ভবন
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:৫৪
নেত্রকোনা জেলা শহর ও জেলা শহরের বাইরের বেশ কয়েকটি বিদ্যালয়, সরকারি অফিস, অডিটরিয়ামসহ বেশ কিছু ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ওই সমস্ত ভবনের ছাদ, দেয়ালে ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ছাদের আস্তর। ঝুঁকিপূর্ণ অফিস ভবনে বসে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন।
জানা গেছে, জেলা শহরের নিখিল নাথ রোডে ঐতিহ্যবাহী জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা পাকা ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। গত ২০১০ সালে ওই ভবনের বিভিন্ন অংশ, পিলার ও ছাদে ফাটল দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই বছরই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে তালা ঝুলিয়ে দেন। জেলা শহরের মোক্তারপাড়া এলাকার ‘মহুয়া অডিটরিয়াম’ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। অডিটরিয়ামের পূর্বপাশের মঞ্চের উপরের অংশের অবস্থা খুবই নাজুক। জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে কাজ।
জেলা শহরের অজহর রোডে জাতীয় মহিলা সংস্থা এবং রেডক্রিসেন্ট সোসাইটি জেলা অফিসের ছাদে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে। জাতীয় মহিলা সংস্থার অফিসের সামনের অংশের দেয়ালে ফাটল এবং পিছনের অংশ ধসে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনে বসেই কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। জেলা রেডক্রিসেন্ট অফিসেরও একই অবস্থা। ওই অফিসের উত্তর অংশের দেয়ালে ফাটল এবং পিছনের অংশ ধসে পড়ছে পুকুরে।