মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ অব্যাহত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:২৯
কয়েক দিন বন্ধ থাকার পর নতুনভাবে মির্জাপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া শুরু হয়েছে। মানুষকে জিম্মি করে টাঙ্গাইল অফিসের কিছু দুর্নীতিবাজ এবং দালাল চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব চক্রের কারণে আবেদনকারীরা আদৌ সংযোগ পাবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। টাঙ্গাইল সদর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর ও মির্জাপুর উপজেলাসহ প্রতিটি এলাকাতেই এভাবে অবৈধ গ্যাস সংযোগ চলছে।
তিতাস গ্যাসের টাঙ্গাইল অফিসের এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ধরনের অবৈধ সংযোগ বন্ধ করে দোষিদের নামে মির্জাপুর থানায় মামলা করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে দৈনিক ইত্তেফাকে কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর ২/৩ দিন অবৈধ গ্যাস সংযোগ বন্ধ থাকলেও আবারও তা চালু হয়েছে।
রবিবার উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে দালালচক্র মোটা অংকের টাকা পেয়ে বিভিন্ন বাসা-বাড়িতে নিম্নমানের পাইপ দিয়ে রাতারাতি গ্যাস সংযোগ দিচ্ছে। ফলে গ্যাস চলাচলের সময় আগুন ধরে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেছেন অনেকেই।
গত মে মাসে অবৈধভাবে গ্যাস সংযোগ বৈধকরণ এবং নতুনভাবে গ্যাস সংযোগের জন্য আবেদন গ্রহণের ঘোষণা দেয়া হয়। তিতাসের ঠিকাদার মুকুল সাহা বলেন, প্রভাবশালীরা মোটা অংকের টাকা নিয়ে এসব কাজ করছে। তবে তিনি এসব কাজের সাথে জড়িত নন বলে দাবি করেছেন।
সূত্র জানিয়েছে টাঙ্গাইলের তিতাস গ্যাস অফিসে ৩৫ জন ঠিকাদার আছে। এ ব্যাপারে মির্জাপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি কিন্তু বিভিন্ন মহলের চাপের কারণে ব্যবস্থা নেয়া যাচ্ছে না ।