ভারতীয় ওয়েল ট্যাংকারের শেষ চালান দেশে এসেছে
মনিরুজ্জামান ধীরু, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:২৯
বাংলাদেশ রেলওয়ের জন্য ইলেকট্রিক লোকোমটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় ভারত থেকে ১৬০টি ওয়েল ট্যাংক সংগ্রহের শেষ চালানটি দেশে এসেছে। গতকাল সোমবার সকালে সর্বশেষ চালানে ১৫টি ওয়েল ট্যাংকার পশ্চিমবঙ্গের গেঁদে স্টেশন হয়ে দর্শনায় এসেছে। ওয়েল ট্যাংকগুলো দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। এরপর ট্যাংকগুলো দর্শনা রেলবন্দর থেকে সৈয়দপুরে বুকিং দেয়া হয়। কলকাতার টেকস মেকো রেল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই ওয়েল ট্যাংক রপ্তানি করেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সরকার প্রায় একযুগ পর রেলওয়ের ইঞ্জিন সংকট কাটাতে ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় ভারত থেকে ব্রডগেজ লাইনের জন্য ১০টি লোকোমোটিভ ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক রেলওয়ে ইঞ্জিন ও ১৬০টি ওয়েল ট্যাংক কেনার উদ্যোগ নেয়। এর মধ্যে এ পর্যন্ত ১৬০টি ওয়েল ট্যাংক দেশে আসলেও ইঞ্জিন এসেছে ৬টি।