রাজাপুরে বিপজ্জনক ব্রিজ দিয়ে পার হয় ৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
মনিরুজ্জামান, রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩০
ঝালকাঠির রাজাপুর উপজেলার পাড়গোপালপুর গ্রামে ইসহাকাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার সামনের সেতুটির পাটাতন ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আশেপাশের ১০টি গ্রামের জনসাধারণ ও কমপক্ষে ৮টি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ব্রিজ এটি। স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তহিদ জানান, পাড়গোপালপুর খালের উপর এই ব্রিজটি কয়েকযুগ আগে নির্মিত হয়। একবছর আগে ব্রিজের পাটাতন ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এটি দিয়ে মনোহরপুর, পাড়গোপালপুর, জগন্নাথপুর, বিশ্বাসবাড়িসহ অন্তত ১০টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
এছাড়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসাসহ অন্তত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করে। রাজাপুর লেবুবুনিয়া ও রাজাপুর বেকুটিয়া সড়কের গুরুত্বপূর্ণ লিংক সড়কও এটি।
ইসহাকাবাদ হোসাইনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ব্রিজটি বর্তমানে অত্যধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। উপজেলা এলজিইডি কর্মকর্তা লুত্ফর রহমান বলেন, ‘আমরা ব্রিজটি পরিদর্শন করেছি। অত্যধিক ঝুঁকি বলে অবহিত করে উপরে কাগজপত্রও পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই নির্মাণ কাজ করা যাবে।’