রাজবাড়ী হাসপাতালের নবনির্মিত ভবনে ফাটল

দ্বিতীয়তলার উপর নতুন করে তৃতীয়তলা নির্মাণের কারণে রাজবাড়ী সদর হাসপাতাল ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত শুক্রবার রাতে ওই হাসপাতালের নিচতলার পেইনবেড ক্যাবিনের ছাদের পলেস্তরা ভেঙ্গে বেডে থাকা দুই রোগী আহত হয়েছে। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পেইনবেড ক্যাবিন বন্ধ ঘোষণা করেছে। একই সাথে নবনির্মিত তৃতীয়তলার রুমগুলোতে দেখা দিয়েছে ফাটল। ফলে তৃতীয়তলায় থাকা গাইনী ও সার্জারী ওয়ার্ডের রোগী ও তাদের স্বজন এবং কর্তব্যরত চিকিত্সক ও নার্সদের মধ্যে বিরাজ করছে আতংক। হাসপাতালের নবনির্মিত তৃতীয়তলার গাইনী ওয়ার্ডে ভর্তি থাকা রোগী বিথি সরকার বলেন, সাভারের রানা প্লাজা ধসের ঘটনা আমরা দেখেছি। বর্তমানের রাজবাড়ী হাসপাতাল ভবনের ফাটলের যে অবস্থা তাতে সাভারের ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা। রাজবাড়ী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হান্নান বলেন, পলেস্তরা খসে পড়ে রোগী আহতের ঘটনার পর আমি পেইন বেড কেবিনে গিয়েছিলাম। অবস্থা দেখে মনে হয়েছে ছাদ থেকে আরো পলেস্তরা ভেঙ্গে পড়বে যে কারণে ওই কেবিন বন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া নবনির্মিত তৃতীয়তলায়ও ফাটল দেখা দিয়েছে। যে কারণে রোগীদের পাশাপাশি চিকিত্সক ও নার্সদের মধ্যে আতংক বিরাজ করছে।