সিরাজদিখানে ডাক্তারের ভুলে প্রসূতির মৃত্যু
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:৪২
সিরাজদিখান উপজেলা সদরে সোমবার সকালে একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সকাল পৌনে ৯টার দিকে সিজারে কন্যা সন্তান প্রসবের পর পরই প্রসূতি ফাতেমা বেগম (২৫) মারা যান। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলা সদরের হোসনে আরা ক্লিনিকে। এ ঘটনায় সোমবার বেলা ১২টা পর্যন্ত ওই ক্লিনিক প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে রেখেছে স্থানীয় এলাকাবাসী। এই দম্পতির বাড়ি একই উপজেলার রশুনিয়া ধনিয়াপাড়া এলাকায়। ক্লিনিকের গাইনী ডাক্তার ফৌজিয়া রহমান দাবি করেন, ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু হয়নি। তিনি জানান, হোসনে আরা ক্লিনিকে সকাল পৌনে ৮টায় প্রসূতির সিজার করা হয়। এ সময় এক কন্যা সন্তান প্রসব হয়। সিজারের পর পরই প্রসূতির উচ্চ রক্ত চাপ দেখা দিলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।