পেকুয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:৪২
কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই গৃহবধূ চার মাসের গর্ভবতী বলে জানিয়েছে তার পরিবার। গত রবিবার রাতে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের মগকাটা গ্রামে ঘটেছে এই ঘটনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসি জানায়, উপজেলার সদর ইউনিয়নের মগকাটা গ্রামের মৃত উকিল আহমদের ছেলে নাছির উদ্দিন তিন বছর পূর্বে একই ইউনিয়নের বিলাহাচুরা গ্রামের শাহ আলমের মেয়ে জেসমিন আকতারকে (২৪) বিয়ে করেন। বিয়ের পর নাছির উদ্দিন অর্থ উপাজনে বিদেশ পাড়ি জমায়। গত ৬ মাস আগে সে ওখানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দেশে ফিরে আসে। নিহতের ভাই আব্দুল গফুর জানান, দেশে আসার পর থেকে স্বামী নাছির উদ্দিন পিতার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে স্ত্রী জেসমিন আকতারের উপর নির্যাতন করতে থাকে। তার সাথে এসব কাজে সহায়তা করে পরিবারের অন্যরা। সর্বশেষ গত রোববার রাত ১১টার দিকে স্বামী নাছির ও তার পরিবারের সদস্যরা মিলে গৃহবধূ জেসমিনকে পিটিয়ে হত্যা করে। পেকুয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার উল্লাহ জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পেকুয়া থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ বলেন, গৃহবধূ জেসমিন আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগে গত সোমবার থানায় নিহতের ভাই বাদি হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।