বদরগঞ্জে ৭ টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

বদরগঞ্জ উপজেলায় মাত্র ৭ টাকার জন্য মনসুরা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে। গত সোমবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রাজারামপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র হযরত আলীর সাথে একই এলাকার মুদি দোকানদার আলমগীর হোসেনের পাওনা ৭ টাকার জন্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলমগীর দোকানে রাখা লাঠি দিয়ে হযরত আলীকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে হযরত আলীর মা মনসুরা বেগম ঘটনাস্থলে উপস্থিত হলে আলমগীর ও তার মা বাছিরন নেছা তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই মনসুরা বেগমের মৃত্যু হয়। এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, লাশ উদ্ধার করা হয়েছে।