নারায়ণগঞ্জে নাস্তা খেয়ে ৩০ নারী শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লায় দু’টি রপ্তানিমুখী গার্মেন্ট প্রতিষ্ঠানে ডিম রুটির নাস্তা খেয়ে নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ফতুল্লায় কাঠেরপুল এলাকায় মাইক্রোফাইবার গ্রুপের লিবার্টি ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেডে সোমবার রাতের শিফটে কাজ চলছিল। রাতে খাবার হিসেবে ডিম রুটি খেয়েছিলেন নারী শ্রমিকেরা। এরপর থেকে শ্রমিকেরা বমি করতে থাকে। অনেকের মাথা ঘুরাতে থাকে। হাসপাতালে আনা অসুস্থ নারী শ্রমিকদের মধ্যে বিলকিস, আছিয়া, সুমি, আছিয়া, আয়েশা, জান্নাত, রুমি, সোনালী, রিমা, মোর্শেদা, হোসনে আরা, ফাতেমা, শিল্পী, শাহারাতুন, রোজিনা, রাশেদা, হাজেরা, রিনা, মাকসুদা, মুন্নী, রোকসানা , রহিমার নাম জানা গেছে। এ বিষয়ে গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর পরিচালক ও শ্রমিক সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিত্সা দেয়া হচ্ছে। জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ চৌধুরী জানান, শ্রমিকদের মধ্যে কেউ বমি করেছে বলে শুনেছি। তারা কি খেয়েছে তা জানতে হবে। প্রচণ্ড গরমের কারণে অনেক সময় ফুড পয়জনিং হতে পারে।