মেহেরপুরকে দেশের প্রথম রাজধানী ঘোষণার দাবি

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মেহেরপুরকে দেশের প্রথম রাজধানী ঘোষণার দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বাইসাইকেল নিয়ে দেশ ভ্রমণে বের হওয়া মেহেরপুরের দুই তরুণ রবিবার সন্ধ্যায় গাইবান্ধা পৌঁছান। সোমবার দুপুরে তারা সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। গত ১২ মে যাত্রা শুরু করে আগামী তিন মাসের মধ্যে তারা দেশের ৬৪ জেলায় সফর শেষ করবেন। মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী নুরুল ইসলাম (২২) ও মনিরুল ইসলাম সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান, মেহেরপুরে নবাব আমলের আমঝুঁকি নীলকুঠি, বাংলার স্বাধীনতার উদয় অস্ত হূদয়ে ধারণ করে দাঁড়িয়ে আছে মুজিবনগর, জগন্নাথ বাবুর মন্দির। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এ জেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকালীন বাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয় মুজিবনগরকে। তাই মেহেরপুরকে তারা দেশের সর্বপ্রথম রাজধানী হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছেন। পাশাপাশি ওই দুই তরুণ দেশের ঐতিহাসিক স্থানগুলোকে সংরক্ষণ করারও দাবি জানান। নুরুল ইসলাম আরো জানান, মেহেরপুরের মুজিবনগর (সাবেক বৈদ্যনাথ তলা) থেকে তারা যাত্রা শুরু করে কুষ্টিয়া জেলা হয়ে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর হয়ে গত রবিবার সন্ধ্যায় তারা গাইবান্ধায় পৌঁছেন। মনিরুল ইসলাম বলেন, তারা যেখানেই যাচ্ছেন সেখানকার মানুষই তাদের সাদরে বরণ করে নিচ্ছেন।