সাভারে হাতিল ফার্নিচার কারখানার স্টাফ মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতি মডেল টাউনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম আমেনা আক্তার শিমু (৩২)। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার মুন্সিবাড়ি গ্রামের মৃত মো. শাহজাহান মিয়ার মেয়ে। নিহত আমেনা গাজিপুরের ডোমনা এলাকায় অবস্থিত হাতিল কমপ্লেক্স লিমিটেড নামক ফার্নিচার কারখানার হিসাব শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলো বলে জানিয়েছে তার সহকর্মীরা।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে হাতিল ফার্নিচারের একটি মিনিবাস পাঁচ কর্মকর্তাকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কারখানায় যাচ্ছিলো। গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতি মডেল টাউনের সামনে পৌঁছলে অন্য একটি ইউটার্ন নেওয়া গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের যাত্রী আমেনা আক্তার শিমু মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় গাড়ির চালকসহ পাঁচজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে ডাকাতি, জিম্মি করে সর্বস্ব লুট
হাতিল কমপ্লেক্স লিমিটেড কারখানার হেড অব এইচআর শ্যামল মল্লিক বলেন, নিহত আমেনা আক্তার শিমুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া কারখানার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হচ্ছে।
ইত্তেফাক/অনি