ময়মনসিংহে স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মামার সম্পতির ভাগ বাঁটোয়ারা বিরোধে পরিকল্পিতভাবে মামাতো ভাই মারুফকে হত্যা করে ফুফাতো ভাই রাকিবুল ইসলাম। এ হত্যাকাণ্ডের ঘটনায় রাকিবুল ইসলাম রাকিবকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ময়মনসিংহের দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই মামলায় অপর দুই আসামি রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান মারুফকে গলা কেটে হত্যা করে লাশ গুম করে ফেলে। পরে ঐদিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারিতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়। 

আরও পড়ুনঃ ব্যস্ততম সড়কের ওপর ১১হাজার ভোল্টের ট্রান্সফরমার

ঘটনার পরদিন নিহতের মা মাজেদা খাতুন তিনজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে সোমবার এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি মো. ওয়াজেদুল ইসলাম, আসামি পক্ষের আইনজীবী ছিলেন বেগম সুলতানা হোসেন জাহান।

ইত্তেফাক/নূহু