রেসিপি
সেহেরিতে স্বস্তি
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ১৮:৩৮
ভোর রাতের খাওয়া-দাওয়াটা রমজান মাসে অনেকের কাছে খুব জটিল আর চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। খাবার যা স্বাস্থ্যকর তা মুখে রোচে না আবার যা মুখরোচক তা স্বাস্থ্যসম্মত হয় না। এমন জটিল অবস্থায় স্বাস্থ্যকর, সহজে তৈরি করা যায় আবার স্বাদেও অনন্য এমন ৩টি বিশেষ সেহরির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন এমএইচ মিশু
চিকেন মিন্ট কারি
উপকরণ :চিকেন ১ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, আলু মাঝারি ২টি, টমেটো কিউব ১ কাপ, পুদিনাপাতা ১/২ কাপ, এলাচি ৪টি, দারুচিনি ২টি, আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, হলুদ ১/৪ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ১/২ কাপ।
প্রণালি :মুরগি ছোট করে কেটে ধুয়ে নিন। আলু ছোট কিউব করে কেটে সিদ্ধ করে ডুবো তেলে হালকা রং করে ভেজে নিন। এবার মুরগিতে সামান্য লবণ ও সামান্য হলুদ মেখে সিদ্ধ করুন। সিদ্ধ করার সময় কোনো আলাদা পানি দেবেন না। জাল কমিয়ে সিদ্ধ করতে দিন, দেখবেন এমনিতেই মাংস থেকে পানি বের হয়ে আসবে। এবার প্যানে তেল দিন। তেল গরম হলে বাদামি করে পেঁয়াজ ভাজুন। এবার একে একে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার তাতে মাংস ও আলু দিয়ে দিন। অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে ভুনাভুনা হয়ে এলে পুদিনাপাতা কুচি করে দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।
সবজি নিরামিষ
উপকরণ :চিচিঙ্গা ১টি, কাকরোল ২টি, মুসরের ডাল ১/২ কাপ, হলুদ পরিমাণমতো, লবণ পরিমাণমতো, রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, তেল ১ টেবিল চামচ।
প্রণালি :পানি দিয়ে ডাল আধা সিদ্ধ করে নিন। চিচিঙ্গা আর কাকরোল পাতলা গোল করে কাটুন। এবার ডালে সবজিগুলো হলুদ, কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজুন। এবার সবজিগুলোও এই তেলে দিয়ে দিন। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
ডিম কিউব ভুনা
উপকরণ :ডিম ৪টি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, টমেটো কুচি ১/২ কাপ, হলুদ ১/৪ চা চামচ, মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, জিরা ১/২ চামচ, কাঁচা মরিচ ৪-৫টি।
উপকরণ :ডিম চারটি লবণ ও হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটা স্টিলের পাত্রে ডিমের মিশ্রণটি নিয়ে পাত্রের উপরের অংশটি পুরোপুরি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন। এমন একটি পাত্র বাছাই
করুন যেটি পাতিলের ভেতরে পানি দিয়ে বসানো যায়। পাতিলে অল্প পরিমাণ পানি ভরে তাতে ফয়েলে মোড়ানো পাত্রটি বসিয়ে দিন। পাতিলে ঢাকনা দিয়ে দিন। এবার চুলায় অল্প আঁচে ২০ মিনিট ভাপ দিন। ২০ মিনিট পরে বাটি থেকে কেকের মতো জমে যাওয়া ডিমটি নামিয়ে কিউব করে কাটুন। ফ্রাই প্যানে তেল দিতে পেঁয়াজ হালকা রং করে ভাজুন। এবার তাতে বাকি মসলাগুলো দিয়ে কষান। কষানো হয়ে গেলে তাতে টমেটো ও কাঁচা মরিচ দিয়ে দিন। আবার একটু পানি দিয়ে কষান। এবার তাতে ডিমের কিউবগুলো দিয়ে সাবধানে নেড়ে ২ মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করুন। ভাজা ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য নামিয়ে ফেলুন।