গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ

সেনবাগে ডাকাত সন্দেহে চার যুবক আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে ডাকাত সন্দেহে আটক চার যুবককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ গ্রামবাসী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার ভোরে এ ঘটনার সময় পুলিশ ৬৯ রাউন্ড শটগানের গুলি ও টিআরগ্যাসের সেল নিক্ষেপ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের পরিবারের সঙ্গে নুরুল ইসলামের পরিবারের কলহের সূত্র ধরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল রুহুল আমিন মেম্বারের পুরাতন বাড়িতে সেনবাগ থানার ওসিসহ পুলিশ সদস্যরা দুই ঘন্টা অবরুদ্ধ হয়ে ছিলেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী আটক যুবকদের আশ্রয় দেয়া একটি বসতঘর ভাঙচুর ও তাদের বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে। পরে ভোর পাঁচটার দিকে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কাজী এহসানুল কবিরের নেতৃত্বে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসিসহ পুলিশ সদস্য এবং আটক যুবকদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ডাকাত সন্দেহে আটক যুবকরা হলেন - নূর মোহাম্মদ রুবেল (১৯), শাহ আলম (২৩), জাকির হোসেন (১৮) ও ইমরান হোসেন (১৮)। এই ঘটনায় আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন। সেনবাগ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন ইত্তেফাককে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।