বেহাল দশায় মির্জাপুরের পুষ্টকামুরি প্রাইমারি স্কুল
আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:০৩
নানাবিধ সমস্যায় জর্জরিত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একমাত্র মডেল স্কুল পুষ্টকামুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলার একমাত্র এটিই মডেল স্কুল। অথচ কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার মত কোন সুযোগ-সুবিধা নেই এখানে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে শ্রেণি সংকট ও আসবাবপত্রের অভাবে কোমলমতি শিক্ষার্থীরা বারান্দায় বসে, সিঁড়ির নিচে বসে এবং খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। শিক্ষকদেরও দেখা গেছে মাটিতে বসে ছাত্রদের পাঠদান করতে। এই মডেল বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের বসার মত কোন মিলনায়তন নেই। অতিকষ্টে ১৬ জন শিক্ষক কর্মচারী সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে থেকে পাঠদান চালিয়ে আসছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যায় পুষ্টকামুরি এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জর্জরিত। পৌরসভার ভিতরে এবং উপজেলা সদরের মধ্যে বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় প্রচুর ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে। বর্তমানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮৬৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর জন্য শ্রেণি কক্ষ থাকার কথা ১৬টি। সেখানে রয়েছে মাত্র ৭টি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সরফুন বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের সমস্যার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয় ভবন নির্মাণ এবং আসবাবপত্রের চাহিদা চেয়ে শিক্ষা অফিসসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার অবহিত ও লিখিত আকারে জানানো হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে অফিস সূত্র জানান, পুষ্টকামুরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।