চাঁদপুরে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু ছাত্রী (১১) কে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে আসামি ওই মাদ্রাসা শিক্ষক আ.জলিল মাস্টার (৬০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায় আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালত-১ এর বিচারক মো.শফিকুল করিম এই রায় দেন। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার জানান, ২০১০ সালের ৩ আগস্ট হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাপাইকাপ গ্রামের কাপাইকাপ সিনিয়র মাদ্রাসার শিক্ষক আ.জলিল মাস্টার ওই মাদ্রাসার ছাত্রীকে কাপাইকাপ বকাউল বাড়ির কাচারী ঘরে কয়েকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী ২০১১ সালের ১৯ এপ্রিল একটি কন্যা শিশু জন্ম দেয়। বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে ওই ছাত্রী ও তার গর্ভে জন্ম নেয়া শিশুটি ঢাকার প্রশান্তি চাইল্ড হোম কেয়ারে রাখা হয়েছে। আদালত জন্ম নেয়া শিশুর ব্যয়ভার রাষ্ট্রপক্ষকে বহন করা নির্দেশ দেন।