ছিনতাইকারীর হামলায় র্যাব কর্মকর্তা গুলিবিদ্ধ
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:৪৯
মিরপুরে ছিনতাইকারী গ্রেফতারে অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন র্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রিপন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনে শেরেবাংলা স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর র্যাব বিকালে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি মোটরসাইকেলসহ কামরুল নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, ঈদকে সামনে রেখে র্যাবের কয়েকটি বিশেষ দল রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারী ধরতে অভিযান পরিচালনা করছে। র্যাব সদর দফতরের একটি টিম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে একটি ছিনতাইকারী দলকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছিল। এসময় এক ছিনতাইকারী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রিপন গুলিবিদ্ধ হন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর র্যাব-২ এর একটি বিশেষ টিম মিরপুর চিড়িয়াখানা রোডে অভিযান চালিয়ে কামরুল নামে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃত কামরুল র্যাবের ঐ উপ-সহকারী পরিচালককে গুলি করেছিল।